মাস্ক না পরায় বয়স্কদের কান ধরানোর কারণে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার সাইয়েমা হাসানকে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার একথা জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মু. আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি বলেন, ওই এসি ল্যান্ডকে অব্যাহতি দিয়ে কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার প্রকৃত ঘটনা তদন্ত করে দেখে মাত্রা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাইয়েমা হাসান। বিকালে চিনাটোলা বাজারে মাস্ক না পরায় তরকারি বিক্রেতা ও ভ্যানচালক তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে নিজের মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন এই কর্মকর্তা।
রাতে ওই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। সরকারি কর্মকর্তাদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বয়স্কদের সঙ্গে সাইয়েমার এই আচরণের বিচার দাবি করেন কেউ কউ।
জনপ্রশাসন সচিব হারুন বলেন, “মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করে স্যরি বলে আসতে বলেছি।”
আর এসি ল্যান্ড সাইয়েমাকে সেই তিন বয়স্ক ব্যক্তির বাড়ি যেতে নিষেধ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, “ওই কর্মকর্তা ভুল করেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব যেন অন্যরা শিখতে পারে।

