চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলে। ধারণা করা হয়, বাদুর থেকে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। যা চীনে ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
এত কিছুর পরও, এত ভয়াবহতায় চীনে আবারও খোলা হয়েছে বন্যপ্রাণীর বাজার। শুধু তাই নয় পুরোদমে বিক্রি হচ্ছে করোনাভাইরাসের অন্যতম বাহক বাদুড়। সেই সঙ্গে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী।
ডেইলি স্টার ইউকে’র এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলিন এবং দক্ষিণে দংগুয়ান শহরে বন্যপ্রাণী বাজার চালু হয়েছে। চালু হওয়ার পরপরই সেখানে ভীড় দেখা গেছে। এসব বাজারে অপরিচ্ছন্ন অবস্থাতেই বেচা-কেনা করা হচ্ছে।
অনেকের ধারণা উহানের একটি বন্যপ্রাণী বাজার থেকে ছড়িয়েছিল প্রাণঘাতী এই ভাইরাস। আর এ কারণে পুরো চীনে বন্ধ করা দেয়া হয়েছিল বন্যপ্রাণীর বাজার।
চীন থেকে ছড়িয়ে পড়লেও বর্তমানে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ইতালিতে সাড়ে ১০ হাজার ও স্পেনে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭৫৬ ও স্পেনে ৮২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

