দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বে সবচেয়ে সংকট ডেকে এনেছে করোনাভাইরাস। এমনই মত প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিয়ো গুতেরেস। করোনার কারণে বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা আসতে চলেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
COVID-19-এর আর্থসামাজিক প্রভাব নিয়ে একটি রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বলেন, এই রোগ ও এর আর্থিক প্রভাবের মিলিত কারণে বাড়বে অস্থিরতা, দ্বন্দ্ব। গোটা বিশ্ব যাতে COVID-19-এর বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়ায়, সেই চেষ্টাই করতে হবে বলে মত গুতেরেসের।
তার মতে, রাজনীতি ভুলে সবাই একজোট হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে তবেই সাফল্য আসবে। গুতেরেসের কথায়, ‘আমরা একটা নিদারুণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। গত ৭৫ বছরের এমন স্বাস্থ্য সংকটে পড়তে হয়নি, যেখানে মানুষ মারা যাচ্ছে। মানুষের দুর্দশা বাড়ছে। এটা স্বাস্থ্য সংকটের থেকেও বেশি মানব সংকট। সমাজে আঘাত হেনেছে এই করোনাভাইরাস রোগ।’
বিশ্বব্যাপী মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাস এ বছর অর্থনীতিতে বিপুল মন্দা ডেকে আনবে বলে মনে করা হচ্ছে।
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

