বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় এবার ঢাকা ছাড়লেন ৩২৭ জন জাপানি নাগরিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট যোগে তারা ঢাকা ছাড়েন।
জানা গেছে, যাদের মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারাও রয়েছেন। করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, বিশেষ ফ্লাইটটিতে ৩২৭ জন জাপানি নাগরিক রয়েছেন। ফ্লাইটটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে তাঁরা দেশে ফিরে গেছেন।

