করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেয়া হল ভারতের মুম্বাইয়ের ওখার্ড হাসপাতাল। জানা যায়, এই হাসপাতালের তিন জন ডাক্তার এবং ২৬ জন নার্সের করোনা ধরা পড়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হাসপাতালটিকে আপাতত বন্ধ রাখা হল বলে জানানো হয়েছে।

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালকে ভারতের মধ্যে করোনার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কী করে এই হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরইমধ্যে হাসপাতালে ঢোকা ও বেরনোর যাবতীয় পথ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের সমস্ত রোগী ও কর্মীর করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ওখার্ড হাসপাতালের কর্মী ও রোগী মিলিয়ে ইতোমধ্যেই ২৭০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে হাসপাতালে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট এবং এমার্জেন্সি পরিষেবা।
সেইসাথে হাসপাতালের সমস্ত কর্মচারী ও রোগীর খাবার হাসপাতালের ক্যান্টিন থেকেই দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

