এবার রাজধানীর দক্ষিণখানে করোনা আক্রান্ত পালিয়ে বেড়া এক যুবকের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। এর আগে সরকারের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে প্রকাশ করা করোনা রোগীদের তালিকায় পলাতক ওই যুবকের নাম রয়েছে।
এরপর থেকেই পুলিশ পলাতকের সম্ভাব্য সকল ঠিকানায় তাকে খোঁজার অভিযানে নেমেছে। তবে ওই যুবকের ঠিকানা সঠিক কিনা তা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তরপাড়ার একটি বাসা থেকে ওই ব্যক্তি নিখোঁজ হয়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, আইইডিসিআর আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে, যিনি করোনায় আক্রান্ত।
আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি। তার খবর কেউ দিতে পারেননি।
এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে।
করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে এ ঘটনার পর থেকে ওই যুবককে না পেয়ে এখনো ওই এলাকা লকডাউন করেনি পুলিশ। এ ঘটনায় উক্ত এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পেপার’স লাইফ/খবর
