এবার দেশে করোনা সংক্রমণের কারণে সরকারি ওএমএসের চাল নিজ নির্বাচনী এলাকায় ফ্রি করে দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের করা এক ফেসবুক লাইভে এসে এই কথা জানান তিনি। তিনি বলেন তার দিনাজপুর-৬ আসনের আওতাভুক্ত নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর পৌরসভায় কর্মহীন মানুষের জন্য এই উদ্যোগ নিয়েছেন।
এসময় এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনার কারণে তার এলাকার প্রায় ৪০ হাজার কর্মহীন শ্রমজীবী মানুষদের তিনি নিজ তহবিল থেকে খাবার দিয়েছেন। তিনি আরও বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এই বিনামূল্যে কার্ডধারীরা চাল নিতে পারবেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ জানান, এমপি তার নিজ তহবিল থেকে ৪০ হাজার কর্মহীন শ্রমজীবীকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করছেন।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে এমপির সর্বাত্মক সহযোগিতায় প্রতিটি কর্মহীন মানুষের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার নবাবগঞ্জের আফতাবগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন শিবলী সাদিক। এসময় তিনি বলেন, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত আছে। কর্মহীন শ্রমজীবীদের খাবার সরবরাহ করা বড় চ্যালেঞ্জ নয় বরং মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা মোকাবিলা করাই আসল চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি মানুষকে নিজ ঘরে রাখার বিকল্প নেই। খাবার নিতে এসে যেন জনসমাগম যাতে না হয় সে কারণে রাতে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসছেন তিনি।
পেপার’স লাইফ/খবর/জেলা

