এবার করোনা উপসর্গ নিয়ে গাজীপুরে পৃথক তিনজনের মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) গাজীপুরের কাপাসিয়া উলসরা এলাকায় এক মেডিকেল কর্মীর (২৭) করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশমত আরা জানান মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের কাজ চলছে। সেইসাথে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা যায়, মৃত ওই ব্যক্তি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। তিনি সেখানে একটি বেসরকারি মেডিকেলে কাজ করতেন। কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
এরপর গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া গত সোমবার (৬ এপ্রিল) সকালে একই উপজেলার তরগাও শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।
পরে মৃত ব্যক্তি ও তার পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সতর্কতার জন্য পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া মঙ্গলবার (৭ এপ্রিল) জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষার্টোধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানান, শ্বাসকষ্ট ও হাঁপানী নিয়ে ওই রোগী হাসপাতালে এসেছিলেন।
তারও নমুনা সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বলেন, নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে।
পেপার’স লাইফ/খবর/জেলা

