‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর ২০ লাখ টাকার ফান্ড গঠন


সাকিব আল হাসান

করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় মাঠে নেমেছেন অসংখ্য মানুষ। সেখানে যেমন আছেন সাধারণ জনগণ, তেমনই আছেন নামিদামি মানুষজন। ক্রিকেটাররাও পিছিয়ে নেই।

মাশরাফি সাহায্য করছেন, সাহায্যের জন্য নিজেদের বেতনের অর্ধেক দান করেছেন ক্রিকেটাররা। সবার মতো করে এগিয়ে এসেছেন ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসানও। গঠন করেছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’।

যে ফাউন্ডেশন কাজ করছেন অঘোষিত লকডাউনে অসহায়ত্ব বরণ করে নেওয়া অসহায় দুস্থ মানুষদের জন্য। ‘মিশন সেভ বাংলাদেশ’ এর সহযোগিতায় ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠন করেছেন সাকিবের দাতব্য সংস্থাটি। যে দিয়ে গরিব দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও এর মাধ্যমে এর সত্যতা জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশাকরি সবাই সুস্থ, নিরাপদে ও ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেভ বাংলাদেশ ২০ লক্ষ টাকার আরো একটি ফান্ড গঠন করেছে। এই অর্থ দিয়ে গরিব দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা হবে।’

ভিডিও বার্তায় তিনি দেশের সকল মানুষকে নিজেদের জায়গা থেকে এসব সুবিধা বঞ্চিতদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেভ বাংলাদেশ ২০০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে। এছাড়াও ডাক্তারদের মাঝে পিপিই বিতরণের ব্যবস্থা করেন সাকিব আল হাসান ফাউন্ডেশন।

https://www.facebook.com/89058995393/posts/10163330391895394/

 

বর্তমানে ক্রিকেট থেকে নির্বাসনে আছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা গোপন করার কারণে তাকে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্রিকেট থেকে দূরে থাকলেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। এছাড়া দেশের তথা বিশ্বের এই ক্রান্তিলগ্নে নিজের দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ক্রিকেট মাঠে অসংখ্য রেকর্ডের মালিক।