করোনাভাইরাস মোকাবেলায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানি করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টুইটে ট্রাম্প বলেছেন, কঠিন সময়ে বন্ধুদের মধ্যে একে অপরের সহযোগিতা জরুরি। হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এবং দেশের জনগণকে ধন্যবাদ জানাই।
ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাচ্ছি তার শক্তিশালী নেতৃত্বের জন্য। যে নেতৃত্ব শুধু ভারতকে নয়, মানবতাকে সাহায্য করেছে এই যুদ্ধে।
এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তা ট্রাম্পের হুঁশিয়ারিতে আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই যুক্তরাষ্ট্রসহ বেশ করেকটি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো শুরু হয়।
ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ভারত যদি ব্যক্তিগত অনুরোধেও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করে, তাহলে তাদের ভুগতে হবে।
সংক্রামক রোগ ম্যালেরিয়া প্রতিরোধের এই ওষুধ বিশ্বের বহু দেশেই কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।

