এবার করোনা মোকাবেলায় অন্যরকম খবর দিল দক্ষিণ কোরিয়া। জানা গেছে গত কয়েকদিনে দেশটিতে করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠেও, কয়েক দিনের মধ্যে পুনরায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১ জন।
কয়েক বার রিপোর্ট নেগেটিভ আসার পরেই ওই রোগীদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, দ্বিতীয়বার কী করে তারা আক্রান্ত হলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন কোরিয়ান বিশেষজ্ঞরা।
বিশ্বের যে ক’টি দেশ করোনার মোকাবিলায় সফল, তাদের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। তাদের তৈরি করোনা কিটের চাহিদাও রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সতর্ক করে বলা হয়েছে, করোনাভাইরাস একই ব্যক্তিকে দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। করোনা আক্রান্ত ৫১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেও যে পুনরায় আক্রান্ত হয়েছেন, তা জানানো হয়।
কোরিয়ান বিশেষজ্ঞরা আরও যেটা লক্ষ করছেন, একদিন রিপোর্ট নেগেটিভ এলেও, পরদিন সেই ব্যক্তিরই রিপোর্ট আবার পজিটিভ আসছে। এ বিষয়েও সকলের সতর্ক হওয়া উচিত বলে মনে করে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৩। সবমিলিয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৭৩জন।

