করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক পরিবহন খাত ধসে পড়েছে। যা অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদায় ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তাই ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি চলতি বছরের জন্য জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে এনেছে।
২০২০ সালে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি কমে দৈনিক গড়ে ৫২ লাখ ৩০ হাজার ব্যারেলে নামতে পরে। প্রতিষ্ঠানটির আগের মাসের পূর্বাভাসে তা দৈনিক গড়ে ৫৬ লাখ ব্যারেল উল্লেখ করা হয়। তবে আগামী বছর পণ্যটির বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি কিছুটা চাঙ্গা হয়ে উঠতে পারে।
বৈশ্বিক চাহিদা কমার সঙ্গে সঙ্গে চলতি বছর যুক্তরাষ্ট্রের বাজারেও জ্বালানি তেলের চাহিদা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠাটি। তথ্যমতে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১৩ লাখ ব্যারেল কমে যেতে পারে। এদিকে চাহিদা কমায় কমে যেতে পারে পণ্যটির উত্তোলন। এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন দৈনিক গড়ে ৪ লাখ ৭০ হাজার ব্যারেল কমে যেতে পারে।

