করোনা আতঙ্কের মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষ। বাড়িতে জমানো খাবার আর সরকারি বেসরকারি পর্যায়ের সহযোগীতায় কোনও রকমে দিনানিপাত করছেন তারা।
এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় পুড়লো চরাঞ্চলের কয়েকটি বসতবাড়ি। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর শাঁখাহাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ৮টি ঘর ভস্মীভূত হয়।

এসময় আগুনে পুড়ে ছাই হয়েছে আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল।
চিলমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল ওয়াহেদ জানান, বাদশা মিয়ার বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় পাশে রাখা ভুট্টার নাড়ায় সে আগুন লেগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। আশপাশে পানি না থাকার এবং বাতাসের প্রবাহ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এই দ্বীপচরে ফায়ার সার্ভিস আসার কোনো উপায় নেই। ফলে প্রায় ১ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে বাদশা মিয়ার বাড়িসহ আশপাশের বজেরা বেওয়া, বিজলী বেওয়া, মোনাল মিয়া ও মরিয়ম বেওয়ার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। গৃহহীন হয়ে পড়েন তারা।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. গয়ছল হক মন্ডল জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
পেপার’স লাইফ/খবর/ কুড়িগ্রাম প্রতিনিধি,চন্দন কুমার সরকার

