করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন গোটা দেশ কাঁপছে সেখানে একদল পুলিশ সদা তৎপর থাকছে সাহায্যের জন্য। অজ্ঞাতপরিচয় লাশ দাফনের পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবার মাঠে নেমেছে পুলিশের কুইক রেসপন্স টিম।
চট্টগ্রামের ১৬ থানার প্রতিটিতে প্রস্তুত রাখা হয়েছে ৫ সদস্যের বিশেষ টিম। এদের প্রত্যেকেই পিপিই পরিহিত অবস্থায় সুরক্ষিত থাকার প্রশিক্ষণও দেয়া হয়েছে।
এখন থেকে নগরীর প্রতিটি থানা এলাকায় পাওয়া যাবে এই টিমের জরুরি সেবা-এমনটিই জানালেন সিএমপির এই উপ কমিশনার।
সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, রাস্তায় কেউ অসুস্থ বা মরে পড়ে থাকলে সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে আসবে।
এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বাজারগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর তাই কাঁচাবাজারগুলোতে নজরদারি বাড়িয়েছে সেনা বাহিনীর টহল টিম।

