করোনাভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে পড়েছে দেশের বিভিন্ন খাত। এতে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় কৃষিখাতের ক্ষতি মোকাবিলায় কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে তিনি এ প্রণোদনা ঘোষণা করেন।
জানা যায়, এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষকরা।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরবর্তী পরিস্থিতিতে সারা বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। আমাদের দেশেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত সেসব কৃষকদের সহযোগিতা ও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে আমরা ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি বোরো মৌসুমে যাতে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে কাজ করতে, বিশেষত ধান কাটতে যেতে পারে, সেজন্য পুলিশকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগ আসে, কিন্তু তাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হয়। এবারের করোনা দুর্যোগকেও আমাদেরকে মোকাবিলা করতে হবে। আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। সেজন্য যা যা করার দরকার, আমরা করব। যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায় এবং আমরা উদ্বৃত্ত খাদ্য প্রয়োজনে বাইরে রপ্তানি করতে পারি।’
গণভবন প্রান্তে ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

