র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত একজনের নাম মাসুদ (৩৬); অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, দীর্ঘদিন থেকে তারা ঢাকার আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। এর আগে তিন মাস থেকে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল।
আজ দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

