করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মাণ করা হয়েছিল লেইশেনশান হাসপাতালটি। বন্ধ করে দেওয়া হচ্ছে সেই বিশেষ হাসপাতালটি।
কেননা আর কোনো আক্রান্ত রোগী নেই। সর্বশেষ চারজন রোগী ছিল লেইশেনশান হাসপাতালে। তাদের উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে।
লেইশেনশান হাসপাতালের প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিলেন। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।
তিনি আরও জানান, হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে।
গত ৩১ ডিসেম্বর উহানে করোনাভাইরাস শনাক্তের পর এটি ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনাভাইরাস মোকাবিলায় ও এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এ হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহে ১ হাজার ৬০০ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল।

