বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসাধারণকে রাষ্ট্রীয় বিধি নিষেধ পালনে ফ্রন্ট ফাইটার হিসেবে মাঠে রয়েছে পুলিশ। কিন্তু কোনও নিষেধাজ্ঞায় মানুষের বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে মোটরসাইকেল চালকদের বিনা প্রয়োজনে সড়কে ঘুরতে দেখা যাচ্ছে। অহেতুক ঘোরাফেরা রোধে এবার ভিন্ন রকম শাস্তির উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) থেকে বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে সড়কে বের হলেই তাকে পুলিশের সাথে বাজারের ভীড় মোকাবিলায় আট ঘন্টা ডিউটি করতে হবে।
“পুলিশ সুপার, কুড়িগ্রাম” নামে ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ নিয়ে সতর্ক করেছে জেলা পুলিশ। বলা হয়, ‘আগামীকাল থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘন্টা পুলিশের সাথে বাজারে ভীড় নিয়ন্ত্রন ডিউটিতে যেতে হবে।
ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’ জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কেউ কেউ এর চেয়েও কঠোর পদক্ষেপের পরামর্শও দিয়েছেন। অব্দুল জলিল নামে একজন লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত।
এর বাস্তবায়ন দৃষ্টান্ত রাখবে এবং লক্ষ্য ফলপ্রসূ হবে।’ সাগর নন্দি মন্তব্য করেছেন, ‘সময়োপযোগী পদক্ষেপ, ধন্যবাদ, পুলিশ সুপার, কুড়িগ্রাম।’ মাহাতাব হোসেন রুদ্র সহ অনেকে লিখেছেন,’সময়োপযোগী সিদ্ধান্ত।’ জানতে চাইলে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘ করোনা মোকাবিলায় জেলা পুলিশ দিনরাত একাকার করে কাজ করছে।
বিনা প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটর সাইকেল আটক করেও তেমন সুফল পাচ্ছি না। ফলে এবার ভিন্নধর্মী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবুও মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।’
চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

