এক অস্ত্রবিহীন যুদ্ধে জড়িয়ে পড়েছে গোটা বিশ্ব। করোনাভাইরাস নামক ক্ষুদ্র অদেখা অণুজীবের বিরুদ্ধে এ যুদ্ধে প্রধান সৈনিক হিসেবে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এই লড়াইয়ে হারছেন তারা, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
মহামারি করোনায় বিপর্যস্ত ইতালিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১২২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভয়াবহতা কিছুটা হলেও কমতে শুরু করেছে।
ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য লম্বার্ডিতে বন্ধ আছে দোকানপাট।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ১৭০ জনে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।
সূত্র: কেএজেড ইনফর্ম।

