করোনা সংক্রমণের শুরু থেকেই পরিচিত চীনের উহান। এখান থেকেই প্রাদুর্ভাব শুরু হয়েছিল প্রাণঘাতী করোনার। শুক্রবার সেই উহানেই মৃতের সংখ্যা ৫০% বেড়ে দাঁড়াল ৩,৮৬৯।
সংক্রান্ত তথ্য প্রকাশে চীনের স্বচ্ছতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। উহান কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু ভুল এবং হারিয়ে যাওয়া তথ্যের জেরে করোনায় মৃতের সংখ্যা প্রকাশে প্রভাব পড়েছে। যার ফলে, পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়ে শহরে আরও ১,২৯০টি নতুন মৃত্যুর খবর জানা গেছে।
এই নিয়ে উহানে মোট মৃ্তের সংখ্যা দাঁড়াল ৩,৮৬৯। শুধু তাই নয়, করোনা সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশের জন্য ইতিমধ্যে আমেরিকার নেতৃত্বে চীনের উপরে চাপ তৈরি করেছে পশ্চিমা দেশগুলি। চীনের দেওয়া তথ্য নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
এর আগে চীন জানিয়েছিল, উহানের খাদ্যপণ্য বিক্রির বাজার থেকেই প্রথমে করোনা সংক্রমণ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উহানের সমস্ত বাজার বন্ধ রাখার পরে সম্প্রতি ফের চালু করার অনুমোদন দেয় প্রশাসন।
সেই সঙ্গে রোগ নির্ণয়ে অপ্রতুল পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি, বহু রোগী নিজের বাড়িতে মারা গিয়েছেন বলে সেই তথ্য পেতে দেরি হয়েছে বলে জানিয়েছে উহান স্বাস্থ্য বিভাগ।

