মৃত্যুপুরী হয়ে ওঠা ইতালিতে ধীরে ধীরে কমে আসছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। শনিবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৩৩ জন, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
কমেছে আক্রান্তের হারও। রোববার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন, যা আগের দিনের চেয়ে বেশ কম।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন চলছে ইতালিতে। তবে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও আশানুরূপ পর্যায়ে আসেনি। তবে কড়াকড়ি তুলে নিতে চাপ বাড়ছে সরকারের ওপর।
দেশটিতে এখনও করোনা সংক্রমণের কেন্দ্রস্থল উত্তরাঞ্চলীয় লোম্বার্দি, বাণিজ্যিক রাজধানী মিলান, পিয়েদমৎ ও এমিলিয়া-রোমাগনা অঞ্চল।
ইতালিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৩ হাজার ৬৬০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন।
সূত্র: রয়টার্স

