এবার করোনা থাবা বসিয়েছে ভারতে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যেও। দেশটির কেন্দ্রীয় তরফ থেকে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত ৫৩ জন সাংবাদিকের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।
এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের বিএমসি স্বাস্থ্য পরিষদের সদস্য আমে ঘোল জানিয়েছেন, ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৫৩ জনের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এই ৫৩ জনের মধ্যে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা রয়েছেন।
উল্লেখ্য, এপর্যন্ত ভারতের মহারাষ্ট্রে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৪,২০৩ জন। তারমধ্যে মৃত্যু হয়েছে ২২৩ জনের। শুধুমাত্র মুম্বাইতেই ২৭ জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন রয়েছেন।
কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লভ আগরওয়াল জানান, “এটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা যখন আপনাদের দায়িত্ব পালন করতে যাবেন, সব ধরনের সতর্কতা গ্রহণ করুন। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করুন।”

