দেশে চলমান করোনা পরিস্থিতিতে আবারো চতুর্থ দফায় সাধারণ ছুটি বাড়াচ্ছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মঙ্গলবার এ বিষয়ে বলেন, এখনো অফিস খুলে দেওয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’ কাজেই ছুটি বাড়াতেই হবে।
এ বিষয়ে আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে ‘ছুটি বাড়ানোর বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন আগামীকাল (বুধবার) হয়তো নির্দেশনা আসতে পারে।’
প্রতিমন্ত্রী জানান, এবার ছুটি বাড়ানোর ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দেশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।
তবে একই বিষয়ে যোগাযোগ করা হলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘এখনো ছুটি বাড়ানোর বিষয়ে নির্দেশনা পাওয়া যায়নি।’
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
তবে সাধারণ ছুটির মধ্যেই সীমিত আকারে খোলা রয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি নিত্যপণ্য, ওষুধসহ জরুরি সেবাগুলো খোলা রয়েছে।

