এবার করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত কোয়ারেন্টাইন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাত্ই আগুন ধরে এই ঘটনা ঘটে।
তবে তাৎখনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছিল।
পুলিশ ও দমকল সূত্রে খবর, মুম্বাইয়ের নাগপাড়া রিপন হোটেলে আগুন লাগে। করোনাভাইরাসের সংক্রমণের পর তিনতলা ওই হোটেলটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে তৈরি করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিপ্রতিরোধ দফতরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ছাড়াও চারটি জাম্বো ট্যাংকার রয়েছে।
পুলিশ জানিয়েছে, সেখানে কোয়ারেন্টাইনে থাকা বেশির ভাগ লোকজনকেই হোটেলের বাইরে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তাঁদের অন্যত্র সরানো হচ্ছে। হোটেলের আর কোথাও কেউ রয়ে গিয়েছেন কি না, তা দেখছেন উদ্ধারকারীরা।
এ বিষয়ে মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার প্রভাত রাহাঙ্গদালে জানান, কোনও প্রাণহানির খবর তাঁর কাছে নেই। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন সম্পূর্ণ নেভার পরেই, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। তবে, প্রাথমিক ভাবে শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।

