বর্তমান করোনা পরিস্থিতিতে মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে এই ফোনালাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। এসময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন বলেও জানান প্রেসসচিব।
প্রেসসচিব আরও জানান, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দুই রাষ্ট্রনায়ক।
এদিকে বাংলাদেশের সাহায্য মালদ্বীপে পৌঁছেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহন করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ফোন করেন। এ সময় মালদ্বীপের পাশে দাঁড়ানোয় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

