বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত দেশের সকল পাটকলগুলোর শ্রমিকদের গত মার্চ থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত সকল বকেয়া পাওনা মেটানোর জন্য ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। জানা যায়, উক্ত অর্থ শ্রমিকদের নিজস্ব অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।
আজ সোমবার (২৭ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসাবে ১১৬ কোটি টাকা দিয়েছে। এই টাকা ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসাবে বরাদ্দ দেওয়া হলো হলো। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এই টাকা পরিশোধ করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ২৬ এপ্রিলের চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না।

