দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে সকল ট্রেন। তবে সরকার বর্তমানে লকডাউন শিথিল করে দেয়ার ব্যাপারে নমনীয় হতে পারে বলে ট্রেনকেও প্রস্তুত রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানান, সরকারের শীর্ষ মহলের নির্দেশনা পেলেই যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। যেকোনও মুহূর্তে যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, গত ২৫ মার্চের পর মালবাহী ট্রেন ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরইমধ্যে লাগেজ ভ্যান ট্রেন চালানোর নির্দেশনা পাওয়া গেছে।
সরকারের নির্দেশনা পাওয়া গেলে যাত্রীবাহী ট্রেনও পরিচালনা করা হবে। তবে করোনা পরিস্থিতিতে যদি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব নির্দেশনা মেনেই পরিচালনা করা হবে।
জানতে চাইলে রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আমরা প্রস্তুত। সবগুলো ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। সরকার যখনই সিদ্ধান্ত দেবে আমরা তখনই ট্রেন চালাতে পারবো। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ২৫ মার্চ থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু আমরা মালবাহী ট্রেন পরিচালনা করে আসছি। আমরা ট্রেন চালাতে সব সময়ই প্রস্তুত। লাগেজ ভ্যান ট্রেন চালানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে।
তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা চলছে, আগামী দুই/এক দিনের মধ্যেই লাগেজ ভ্যান ট্রেন চালানো হবে। সব ধরনের সবজি-ফলমূল, কাঁচামাল বহন করা হবে এ ট্রেনে।
রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন জানান, করোনার সময়ে ট্রেন পরিচালনা করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে এজন্য আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি। যদি দূরপাল্লার ট্রেন পরিচালনা করতে হয় তাহলে নির্ধারিত দূরত্ব রেখে যাতে যাত্রী বসানো হবে।

