আগামীকাল সোমবার (৪ মে) রংপুর বিভাগের আটটি জেলার সাথে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১১ টায় এ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই কনফারেন্সে প্রতিনিধি যুক্ত থাকবেন জেলা পর্যায় থেকে স্ব-স্ব জেলার কর্মকর্তা ও দায়িত্বশীল পদধারী ব্যক্তিরা।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় সার্বিক দিকনির্দেশনা দেবেন। করোনার কারণে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বণ্টন ও তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও নির্দেশ দেবেন তিনি।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশব্যাপী ধারাবাহিকভাবে গত এপ্রিল থেকে এ ভিডিও কনফারেন্স করে আসছেন।

