করোনা প্রকোপের মধ্যেই ভারতে ১৬ পরিযায়ী শ্রমিকের ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুর রেশ না কাটতেই এবার দেশটির মধ্যপ্রদেশের
নরসিংহপুরে ট্রাক উল্টে এবার ৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সেইসাথে আহত হয়েছেন আরও ১১ জন। তাদের সাথে সাথে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভি।
পুলিশ সূত্রে জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারানোয় রোববার ভোররাতে নরসিংহপুরে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত ১১ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আমবোঝাই ট্রাকে করে হায়দরাবাদ থেকে আগ্রায় ফিরছিলেন ওই শ্রমিকেরা। ট্রাকে মোট ১৮ পরিযায়ী শ্রমিক উঠেছিলেন। কী ভাবে ট্রাকটি উল্টে গেল, তা এখনও স্পষ্ট নয়।
ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। মৃতদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।

