করোনা লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে চলছে মুসলমানদের পবিত্র রমজান মাস। বিশ্বের সকল দেশের মতো ভারতের মুসলমানরাও পালন করছেন সিয়াম সাধনা। ব্যতিক্রম নয় ভারতের পশ্চিমবঙ্গ। সেখানেও লকডাউনের মধ্যেই রোজা করছেন মুসলিমরা।
তবে অনেকের প্রশ্ন ঈদে কি লকডাউন শিথিল হবে? না কি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ? এসব জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তারা অনুরোধ করেন, দয়া করে ঈদে লকডাউন শিথিল করবেন না।
পশ্চিমবঙ্গের একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় করোনা সংক্রমণের ভয়াল চেহারা। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে কী যে ভয়াবহ পরিণতি হতে পারে সেটি উপলব্ধি করেই মূলত ইমামরা মুখ্যমন্ত্রীকে ঈদ উপলক্ষে লকডাউন না তোলার বিনীত অনুরোধ জানিয়েছেন।
সঙ্গে ইমামদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার ৩০ মে-র আগে লকডাউন তুলে নিলেও রাজ্য সরকার যেন তা না করে।
চিঠির একটি অংশে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের স্বার্থে অন্তত ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিন। আগে মানুষ বাঁচুক, তার পর উৎসব। আমরা এত ত্যাগ করেছি, আরও করব।’
সূত্র- হিন্দুস্তান টাইমস।

