দেশে চলমান করোনা সংক্রমণ মোকাবেলায় এবার রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে আরও কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ মে) থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এসময় কোনো ব্যক্তি খুব জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ এবং এখান থেকে বাইরে যেতে পারবেন না।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
তবে ডিএমপির নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত সব যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
ডিএমপির এ নতুন নির্দেশনা অনুযায়ী, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গেছে।

