জনজীবন স্থবির করে দেয়া করোনাভাইরাস কোথা থেকে এসেছিল এবং এটি ছড়িয়ে রুখতে পদক্ষেপ নেয়া হয়েছিল কিনা জানতে তদন্ত চায় ১০০-র বেশি দেশ।
গত সোমবার শুরু হওয়া ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ঘিরে এসব বিষয় নিয়ে সরগরম আলোচনা শুরু হচ্ছে।
আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার ৫০টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশসহ শতাধিক দেশ করোনা মহামারি সম্পর্কে স্বতন্ত্র তদন্তের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবকে সমর্থন করছে।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানিয়েছেন, মঙ্গলবারের প্রথম দিকে প্রস্তাবটি অনুমোদিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
অস্ট্রেলিয়ার টিভি নেটওয়ার্ক এবিসির খবরে বলা হয়েছে, কমপক্ষে ১১৬টি দেশ এখন তদন্তের আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাবটির সহ-স্পনসর হয়ে স্বাক্ষর করেছে। ব্রিটেন, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড ও রাশিয়া তাদের সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
করোনাভাইরাসে তদন্তের ক্ষেত্রে যদিও চীনের নাম উল্লেখ নেই, তবুও বেইজিংয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছেন।

