করোনা সংক্রমণ রোধে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পুরো দেশে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। আগামী রোবরার থেকে শুরু হয়ে ২৪ ঘণ্টার এই কারফিউ চলবে ২৮ মে পর্যন্ত। জানা গেছে আসন্ন ঈদ উপলক্ষে সাধারণ ছুটি চলাকালে ২৪ ঘণ্টার এই কারফিউ চলবে।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ইরাকের মন্ত্রিপরিষদ (কাউন্সিল অব মিনিস্টিার) থেকে এক বিবৃতির মাধ্যমে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
করোনার বিস্তার রোধে কারফিউ জারি করলেও রমজান মাস শুরু হওয়ার পর দেশটির সরকার এর সময়সীমা কমাতে শুরু করে। এখন দেশটিতে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলছে। কিন্তু ঈদের ছুটিতে জনসমাগম ঠেকাতেই এমন সিদ্ধান্ত।
এদিকে ইরাকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

