দুই সপ্তাহের কম সময়ে ১০ লাখ, মোট আক্রান্ত ৫০ লাখের অধিক


করোনায় আক্রান্তের রেকর্ড

চীনের উহান থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর সারাবিশ্বে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিনই সর্বোচ্চহারে করোনা আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্ববাসীকে সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার মানুষ। যা করোনা শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ। এতে বিশ্বে মোট রোগী ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের হার ৫০ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন।

সংস্থার মতে, প্রতিদিনই করোনায় আক্রান্তের হার আগের সব দিনকে অতিক্রম করে যাচ্ছে। বিশ্ব করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ অতিক্রম করার পর এখন দেখা যাচ্ছে দুই সপ্তাহের কম সময়ে ৫০ লাখ ছুঁয়ে গেল। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের হার আরো অনেক বেশি হতো যদি অনেক দেশে পরীক্ষা এত কম না হতো।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ‘নতুন আক্রান্তের দুইতৃতীয়াংশই মাত্র চারটি দেশে। অথচ অনেক দেশই লকডাউন শিথিল করছে। এ মহামারি রুখতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’

জনস হপকিংস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়ানক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ১৫ লাখ ও মৃত্যু ৯২ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: বিবিসি