ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে পারবেন মানুষ। তবে শর্ত হচ্ছে, পরিবহন হতে হবে নিজস্ব।
বৃহস্পতিবার (২১ মে) সরকারের নীতিনির্ধারণী মহলের পক্ষ থেকে পুলিশ সদরদফতরকে মৌখিক ভাবে এমন নির্দেশনা দেয়া হয়।
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় রাজধানীর গাবতলী এবং যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত থেকেই প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলে বাধা দেয়া হচ্ছে না।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে প্রাইভেটকার ও মাইক্রোবাস যোগে ইন-আউট করা যাবে।
এ নির্দেশনার পরই রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট তুলে নিয়েছে পুলিশসহ অনান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিয়মিত ডিউটি তল্লাশি রেখেছে পুলিশ।
জানা গেছে, ইতোমধ্যে গাবতলী, উত্তরা, বাবুবাজার, সায়েদাবাদ চেকপোস্ট থেকে পুলিশ সরে গেছে। যে কেউ চাইলে নিজস্ব পরিবহনে তার গন্তব্যপথে যেতে পারবেন। তবে নিয়মিত টহল টিম স্পটগুলোতে উপস্থিত থাকবে।
পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, যদি কেউ গণপরিবহন ব্যতীত নিজস্ব পরিবহনে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যেতে চান, সেক্ষেত্রে পুলিশ যেন তাদের জেরার সম্মুখীন না করেন এবং সহজে যেতে দেন।

