করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে গণপরিবহণ চলাচল। তবে দের দু’দিন আগে ঢাকার দুই প্রবেশ পথ প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেয়া হয়েছে।
এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় রাজধানীর গাবতলী এবং যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত থেকেই প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলে বাধা দেয়া হচ্ছে না।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে প্রাইভেটকার ও মাইক্রোবাস যোগে ইন-আউট করা যাবে।
ঈদের আগে বাড়ি ফিরতে মানুষ ফেরিতে পারাপার এবং পণ্যবাহী যানবাহনে ব্যবহার করছে। পুলিশের চোখ এড়াতে রড বোঝাই ট্রাকের ওপরে ত্রিপল বেধে যাওয়ার সময় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে গত ২৬ মার্চ হতে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে সরকার। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে আইনের কঠোর প্রয়োগের কথাও জানায় সড়ক পরিবহন বিভাগ।
আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত ছুটি পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়ে সরকার বলেছিল, জরুরি সেবার বাহন ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পুলিশও জানিয়েছিল, ঢাকায় প্রবেশ ও বের হওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

