দুই বছর পর এবার গুলশানের ফিরোজায় ঈদ উদযাপন করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে দলীয় নেতাকর্মী বা অন্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন না তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৫ মে) ঈদের দিন যথারীতি মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমার সঙ্গে খালেদা জিয়ার দেখা হতে পারে। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে প্রতি ঈদ দাদি খালেদা জিয়ার সঙ্গে করতে লন্ডন থেকে ঢাকায় এলেও লকডাউনের কারণে এবার তারা আসছেন না।
দুর্নীতি মামলার সাজার কারণে গত দুই বছরে চার ঈদ কারাবন্দি অবস্থায় কাটাতে হয়েছে খালেদা জিয়াকে। এর মধ্যে প্রাণঘতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ দেখা দিলে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ওঠেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

