দীর্ঘ দুমাস বন্ধ থাকার পর ভারতে সোমবার বেসামরিক বিমান চলাচল শুরু হয়েছে৷ কিন্তু শুরুর প্রথম দিনটি কেটেছে বিপর্যয়ের মধ্যে দিয়ে, যাত্রীদের হয়রানি, বিমানবন্দরগুলোতে অব্যবস্থাপনা, করোনা নিয়ে নতুন নিয়মাবলী – সব মিলিয়ে মোট ছয়শ’ ত্রিশটি ফ্লাইট বাতিল করতে হয়েছে ৷
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, সব থেকে করুণ অবস্থা ছিল দিল্লি ও মুম্বাই বিমানবন্দরের ৷
সেখানে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব মানার বিষয়টি ছিল না। যাত্রীরা সেখানে হুড়োহুড়ি করেছে ৷
এছাড়া, কর্ণাটক, পাঞ্জাব, বিহার, কেরালা, আসাম পৃথক পৃথক কোয়ারেন্টাইন নীতি নেওয়ায় সমস্যা তৈরি হয় ৷
ভারতের কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের জন্যে একটি কেন্দ্রীয় আইনই থাকবে এবং মঙ্গলবার থেকে সব রাজ্যে তা মানতে বাধ্য থাকবে ৷ সংশ্লিষ্টরা মনে করছেন মঙ্গলবার থেকে বিমান পরিষেবায় উন্নতি দেখা যাবে ৷

