কভিড-১৯ সংক্রমণ থেকে সেরে ওঠার পর দৃষ্টি শক্তিতে সমস্যা অনুভূত হওয়ার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবার ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে জনসন বলেন, ‘মনে হচ্ছে কয়েক বছরে এই প্রথম আমাকে চশমা ব্যবহার করতে হবে। আমি মনে করি এটি সম্ভব…করোনাভাইরাসের সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যার যোগসূত্র থাকতে পারে।’
বরিস এমন কথা বললেও চিকিৎসকেরা এখন পর্যন্ত দৃষ্টিশক্তি নিয়ে কিছু বলেননি। সংক্রমিত হলে চোখে প্রদাহ হতে পারে এমন খবর এসেছে। কিন্তু সুস্থ হওয়ার পর কারো চোখের সমস্যার কথা এই প্রথম শোনা গেল।
উল্লেখ্য, গত ২৭ মার্চ বরিসের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।

