করোনার মধ্যেই এবার ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে দিল্লিতে। মাঝরাতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় বস্তির ১৫০০ ঘর।
তবে আগুন লাগার সাথে সাথেই দিল্লি পুলিশ ও দমকল বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে বস্তিবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ফলে এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
আগুন লাগার বিষয়ে দিল্লি দমকলের এক আধিকারিক জানিয়েছেন, রাত তখন ১২টা ৫০। একটা ফোন আসে। তাতেই আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৮টা ইঞ্জিন। তৎপরতার সঙ্গে খালি করা হয় বস্তি।
প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সময় ভোর ৪ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বস্তির ১৫০০ ঘর।
যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এখনও জানা যায়নি। দক্ষিণ দিল্লির ডিসিপি জানান, মুহূর্তের মধ্যে প্রায় ১০০০ থেকে ১২০০ ঘরে আগুন ধরে যায়। তারপর আগুন আরও ছড়ায়। ক্ষয়ক্ষতি পরিমাণ হিসেব করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

