গত ২২ মে থেকে শুরু করে টানা পাঁচদিন ভারতে দৈনিক ছ’হাজারেরও বেশি মানুষের করোনা ধরা পড়েছে। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার তালিকায় সারা পৃথিবীতে এই মুহূর্তে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবারই দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছ’হাজারের গণ্ডি স্পর্শ করেছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৪৬ জনের। যার জেরে সারা দেশে মৃতের সংখ্যা এখন হয়েছে ৪ হাজার ১৬৭। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এখনও পর্যন্ত সারা বিশ্বে ভারতেই করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম, তা ২.৮৭ শতাংশ।
ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, সারা দেশ জুড়েই করোনার নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। তার জেরে স্বাভাবিকভাবেই করোনা রোগীর সংখ্যাও বাড়ছে।
করোনা সংক্রমণ বৃদ্ধিতে আশঙ্কার মেঘ যেমন ঘনিয়ে উঠেছে, তেমনই এর পাশাপাশি আশার খবরও শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় সুস্থ হয়ে ওঠার হার এখন আগের থেকে বেড়ে ৪১.৬১ শতাংশ হয়েছে।

