মহামারী করোনাভাইরাসে কারণে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে স্পেনে। সেই সব মৃতদের স্মরণ করার জন্য ১০ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে স্পেন।
বুধবার থেকে দেশজুড়ে এ শোক পালন করা হবে বলে জানিয়েছেন স্পেন সরকারের মুখপাত্র মারিয়া জেসুস। মৃতদের স্মরণে এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সাথে রাষ্ট্রপ্রধানের সভাপতিত্ত্বে জুনের ৫ তারিখ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই শোকপালন।
ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন।
এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ এবং মারা গেছে ২৭ হাজার ১১৭ জন। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে স্পেনে। ফলে লকডাউন ধীরে ধীরে শিথিল করতে যাচ্ছে দেশটি।
উল্লেখ্য, চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এ ভাইরাসের। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয় লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাসে গোটা বিশ্বে মারা গেছেন ৩ কাঝ ৫২ হাজার ২২৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন

