করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে ওঠা ব্রাজিলে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৯ জনে। মৃত্যুর তালিকায় এখন চতুর্থ স্থানে আছে দেশটি।
এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ হাজার ৯৩৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার। এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।
ব্রাজিলে করোনাভাইরাসের প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ১৫ বা এর বেশি গুণ হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার।

