ইউরোপ, যুক্তরাষ্ট্র ছাড়িয়ে এবার করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকোর মতো দেশগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অগণিত।
এখন পর্যন্ত করোনায় লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরেই রয়েছে পেরু।
পেরুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১৩৭ জন। এর ফলে দেশটিতে মৃত্যু ৫ হাজার ছাড়িয়ে গেছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৮৪ জন। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৬ হাজার ২২৮ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
