করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ব্রেন স্ট্রোক করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। এরপর তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার ছেলে তানভির শাকিল জয়।
শনিবার (৬ জুন) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় নাসিমের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।
এছাড়াও ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলেও জানান জয়।
এর আগে শুক্রবার (৫ জুন) ভোরে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে সাবেক এ স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা।
মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার জানান, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।

