যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে


যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ!

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। টানা পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকার পর নতুন আক্রান্তের সংখ্যা ফের সামান্য বৃদ্ধি পেয়েছে।

নিজেদের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত শনাক্তের হার বাড়ছে। ৫ জুন যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৪৫ হাজার ৬৯০ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়, যা দেশটির দৈনিক পরীক্ষার সর্বোচ্চ রেকর্ড।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে আর কিছু খোলার প্রস্তুতি নিচ্ছে। এতে কিছুদিন আগের চেয়ে লোক চলাচল বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত বাড়ার প্রবণতা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের বিশ্বাস, জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছিল। ২৮ এপ্রিল দেশটিতে শনাক্ত সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়, এর পর দেড় মাসেরও কম সময়ের মধ্যে মোট সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।

রয়টার্সের টালি অনুযায়ী, চলতি জুনে প্রতিদিন গড়ে ২১ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে, মে মাসে দৈনিক গড়ে ২৩ হাজার ও এপ্রিলে ৩০ হাজার রোগী শনাক্ত হয়েছিল। করোনা ভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যু, দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে।