করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে এখন ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪১ হাজার ৮২৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে নতুন করে ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮২ জন।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৬৩ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থার করোনা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে। ব্রাজিলের কিছু কিছু জায়গায় নিজেদের সামর্থের চেয়ে ৮০ শতাংশ বেশি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩৯ হাজার ৮৩১ জন। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ২৬২ জন।

