সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, খুব কাছের একজনকে হারালাম। খুব বিশ্বস্তএকজন সহযোদ্ধা ছিল আমার।
শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় একথা জানিয়েছেন।
উক্ত শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাবার (জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী) মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’
শেখ হাসিনা আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’ আমার খুব কাছের একজন বিশ্বস্ত নেতাকে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এর আগে ৮দিন মৃত্যুর সাথে লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

