পরীক্ষা কমিয়ে দিতে বলেছেন ট্রাম্প


নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

করোনা টেস্টের হার কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নমুনা পরীক্ষা বেশি বেশি হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে অনেক বেশি রোগী পাওয়া যাচ্ছে বলে দাবি করেছিলেন তিনি।

শনিবার ওকলাহোমার টুলসা শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, , ‘যখন এত বেশি পরীক্ষা করা হবে, তখন অনেক বেশি রোগী শনাক্ত হবে। এ কারণে আমার লোকদের বলেছি, পরীক্ষা কমিয়ে দিতে।’

তবে পরীক্ষা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এ দাবি উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (ট্রাম্প) অবশ্যই মজা করছিলেন। করোনা পরীক্ষায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি, ইতোমধ্যেই আড়াই কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।’

এদিন ট্রাম্প বলেন, চীন ও ইউরোপ ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ করে দেয়ায় তার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণরক্ষা হয়েছে। কিন্তু এমন ‘বিস্ময়কর কাজের’ পরেও মিডিয়া তাকে প্রাপ্য ক্রেডিট দিচ্ছে না, বরং ভুয়া খবর প্রচার করছে।

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে সেখানে অন্তত ২৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এখনও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।

সূত্র: রয়টার্স