একদিনে বিশ্বে আক্রান্তের রেকর্ড, ৯০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা


করোনায় আক্রান্তের রেকর্ড

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। এছাড়া রোববার একদিনে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজারের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রোববার একদিনে শনাক্তে শীর্ষে ছিল ব্রাজিল। দেশটিতে এদিন আক্রান্ত হয় ৫৪ হাজার ৭৭১ জন। আক্রান্তের দিক দিয়ে এরপর আছে যুক্তরাষ্ট্র (৩৬ হাজার ৬১৭ জন) এবং ভারত (১৫ হাজার ৪০০ জন)।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ভাইরাসটির বিস্তার বৃদ্ধির বেশির পাশাপাশি পরীক্ষার হার বাড়ানোও এর কারণ।

করোনাভাইরাসের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে,  প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯০ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজারের কাছাকাছি।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্ত ২৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ১ লাখ ২২ হাজার এর বেশি মারা গেছে। এছাড়া শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে লাতিন আমেরিকার ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে সংক্রমিত রোগী শনাক্তের দিক থেকে কানাডাকে টপকে আক্রান্তের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৭তম। প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতও শীর্ষ সংক্রমিত দেশের তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। ১ লাখ ৭৬ হাজারের বেশি রোগী নিয়ে পাকিস্তানের অবস্থান ১৩তম।

দেশে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। এছাড়া রোববার ভারতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজারের বেশি রোগী শনাক্তের পর মোট আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে।

এদিকে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের রিসার্চের বরাতে জানিয়েছে, করোনায় প্রকৃত মৃত্যু উল্লেখিত সংখ্যার চেয়ে লক্ষাধিক। আনুষ্ঠানিক রেকর্ডের চেয়েও করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী কমপক্ষে আরও ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন বলে বিবিসি রিসার্চের তথ্যে উঠে এসেছে।